একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলার ৫ জনের রায় ঘোষণা হবে যে কোনো দিন।
সোমবার মামলার বিচারিক কার্যক্রমের সব শেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে রায় যে কোনো দিন ঘোষণা করা হবে বলে তা অপেক্ষমাণ রাখেন বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলার ৫ আসামি হলেন- পূর্বধলার শেখ আব্দুল মজিদ, আবদুল খালেক তালুকদার, কবির খা, নূর উদ্দিন ও আব্দুস সালাম বেগ। আসামিরা মামলার শুরু থেকেই পলাতক।
রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল, সাবিনা ইয়াসমিন খান মুন্নি ও তাপস কান্তি বল। আসামি পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী গাজী এম এইচএসসি তামিম।
প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি দেশ রূপান্তরকে জানান, আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতনসহ ৭টি অভিযোগ আনা হয়েছে। এই মামলায় ৬ আসামির মধ্যে এক আসামি আব্দুর রহমান অভিযোগ গঠনের আগে মারা যান।
তিনি জানান, আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ১৯ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ৩৯ জন সাক্ষী সাক্ষ্য দেন।