ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে ৩৩ মামলায় ভুল আসামি হয়ে কারাগারে থাকা জাহালামকে কেন মুক্তি দেয়া হবে না তা জানতে চেয়ে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। পাশাপাশি এ ঘটনায় দুদকের ডিজি (আইন) ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে এবং স্বরাষ্ট্রসচিব ও আইন সচিবকে প্রতিনিধির মাধ্যমে আগামী ৩ ফেব্রুয়ারি আদালতে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্রসচিব, আইজি প্রিজন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ ৮ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার একটি জাতীয় দৈনিকে এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাস গুপ্ত। তিনি জানান, সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা আত্মসাতের মামলায় মূল আসামির বদলে জেল খাটছেন জাহালাম। বিষয়টি আজ আদালতের নজরে আনি। আদালত রুল জারির পাশাপাশি সংশ্লিষ্টদের তলব করেছেন।