আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগকে ‘দখলদার’ এবং ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী’ সংগঠন হিসেবে আখ্যায়িত করে প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনও শিল্পীদের নিয়ে ঐক্যের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সোমবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র ফেডারেশন এ দাবি জানায়।
সংগঠনটি জানায়, বৃহত্তর ঐক্য হলে সেখান থেকে ছাত্র ফেডারেশনের নেতারা ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাহিদ সুজন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল হক ইশতিয়াক, সাংগঠনিক সম্পাদক নাসির আবদুল্লাহ প্রমুখ।
ছাত্র ফেডারেশন ভোট কেন্দ্র হলের ভেতরে না রেখে অনুষদে রাখার দাবি জানিয়ে বলে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি একতরফা নির্বাচন আয়োজন করতে চায় তাহলে আমরা নির্বাচনে অংশ নেব কি না তা পরবর্তীতে বিবেচনা করব।
লিখিত বক্তব্যে জাহিদ সুজন বিশ্ববিদ্যালয়ের হলে দখলদারিত্ব চলছে অভিযোগ তুলে বলেন, আবাসিক হলের বিশেষ ভীতিজনক পরিস্থিতিতে অনুষদে ভোট কেন্দ্র নিতে আইনগত বা অন্য কোনো বাধা নেই। কোনো বাধা থাকলেও তা সংশোধন করার সুযোগ সবসময় থাকে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোস্তফা বলেন, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এ নির্বাচনকে স্বাগত জানাই।