বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সোমবার খুলনা টাইটান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন এই বাঁহাতি। এবারের আসরে সব মিলে যা দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে প্রথম হ্যাটট্রিক উপহার দেন ঢাকা ডায়নামাইটসের স্পিনার আলিস আল ইসলাম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ম্যাচটিতে ব্যাটে বলে দাপট দেখায় কুমিল্লা। ক্যারিবিয়ান ব্যাটসম্যান এভিন লুইস সেঞ্চুরি উপহার দেন। তার অপরাজিত ১০৯ রানে ভর করে ৫ উইকেটে ২৩৭ রানের স্কোর গড়ে কুমিল্লা। যা এখন পর্যন্ত এবারের আসরের দ্বিতীয় স্কোর।
জবাব দিতে নেমে ১৮.৫ ওভারে গুটিয়ে যায় খুলনা। ১৯তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ওয়াহাব। একে একে ফেরান ডেভিড উইসে, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাদ্দামকে। একই সঙ্গে গুটিয়ে দেন খুলনার ইনিংস।
এর আগে বিপিএলে হ্যাটট্রিকের তালিকায় ছিলেন মোহাম্মদ সামি, আল আমিন হোসেন ও আলিস আল ইসলাম। ২০১২ সালে পাকিস্তানি বোলার সামি দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক উপহার দেন।
২০১৫ সালে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টারের বিপক্ষে হ্যাটট্রিক করেন আল আমিন। এরপর এবারের আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ঢাকার আলিস। অভিষেক টি-টোয়েন্টিতেই হ্যাটট্রিক করে ইতিহাসেও নাম লেখান আলিস।
বিপিএলের এবারের আসরের শুরুর দিকে আফসোসে পুড়ছিলেন দর্শকরা। তেমন উত্তেজনার ম্যাচ নেই। ব্যাটসম্যান-বোলারদেরও দুর্দান্ত নৈপুণ্যের দেখা মিলছিল কালেভদ্রে। কিন্তু শেষের দিকে এসে জমে উঠেছে বিপিএল। পয়েন্ট টেবিলের লড়াই যেমন বারুদে লড়াইয়ের কথা বলতে, তেমনি ক্রিকেটারও ব্যক্তিগত নৈপুণ্যে ভাস্বর হচ্ছেন।
ইতিমধ্যে এই আসরে চারটি সেঞ্চুরি দেখে ফেলল দর্শকরা। হ্যাটট্রিক দুটি। আসরের বাকি পথে নিশ্চয়ই আরো দারুণ সব নৈপুণ্য মেলে ধরতে তৈরি ক্রিকেটাররা।