হয়তো আমাকে তাদের দরকার নেই: ইমরুল

কখন জাতীয় দলে ডাক পান আর কখন বাদ পড়েন নিজেও জানেন না ইমরুল কায়েস। সব সময় সবকিছুর জন্য তৈরি থাকলেও এই বাঁহাতি ওপেনার এবার আকুল আবেদন জানাচ্ছেন নির্বাচকদের প্রতি। বাদ পড়ার কারণটা যেন পরিষ্কার করা হয় তাকে। তাতে নিজের ভুল ত্রুটি শুধরে নিতে পারবেন তিনি।

এই ৩১ বছর বয়সী ক্রিকেটার নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়া নিয়ে বলছেন, ‘হয়তো আমাকে তাদের দরকার নেই…।’

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করেছিলেন ইমরুল কায়েস। তার আগে এশিয়া কাপে মিডল অর্ডারে ব্যাট করে খেলেছিলেন অসাধারণ এক ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে দুটি সেঞ্চুরি ও একটি ৯০ রানের ইনিংস খেলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেশের পক্ষে সবচেয়ে বেশি রানের কীর্তি গড়েন।

তবে ওয়েস্ট ইন্ডিজ ভালো যায়নি ইমরুলের। এক সিরিজের ব্যর্থতাতেই নিউজিল্যান্ড সফরের দলে জায়গা হয়নি তার। ইমরুলের দলে জায়গা না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে খুব। যেমন আলোচনা হচ্ছে সৌম্য সরকার ও সাব্বির রহমানের দলে থাকা নিয়ে।

নিজের বাদ পড়া নিয়ে সোমবার মুখ খুললেন ইমরুল। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন এই তারকা। এদিন খুলনা টাইটান্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন ইমরুল।

এ সময় নিউজিল্যান্ড সফরে দলে জায়গা হারানো নিয়ে প্রশ্ন উঠলে বলেন, ‘শেষ দশ বছরের ক্রিকেট ক্যারিয়ারে তো এভাবেই খেলে আসছি। আমি নিজেও জানি না যে ভালো খেলার পর পরের সিরিজে খেলতে পারি কি পারি না। আমি নিজেও প্রত্যাশা করি না। আমি ওভাবেই মানসিকভাবে তৈরি থাকি। যদি কখনো সুযোগ পাই জাতীয় দলে খেলার, সেটা কাজে লাগানোর চেষ্টা করি।’

অনেকটা অনুযোগের সুরে এই ক্রিকেটার বলছেন, ‘হ্যাঁ, খেলোয়াড়ের জীবনে অ্যাপস অ্যান্ড ডাউন থাকতে পারে। তার মানে এই না যে দল থেকে বেরিয়ে যেতে হয়। আমি মনে করি এদিক দিয়ে আমি আনলাকি। এভাবেই দশ বছর যখন খেলে ফেলেছি, তাই আফসোস নেই আসলে। আমাকে নিচ্ছে না বা কেন সিলেকশন হচ্ছে না, সেই আফসোস নেই।’

তবে একটা দাবি ইমরুল করছেন নির্বাচকদের প্রতি। কখনো তার বাদ পড়ার সময় পরিষ্কার করা হয়নি কেন বাদ দেওয়া হলো। এবার তাই ইমরুল বলছেন, ‘সেই জায়গাটা যদি পরিষ্কার করে আমিও সেটি নিয়ে কাজ করতে পারি। আমার কাছে মনে হয় এই জিনিসটা ক্লিয়ার হওয়া আমার জন্য বেটার; কেন দলে থাকতেছি না বা কি কারণে নেই। টিম কম্বিনেশনের কারণে চিন্তা করেছে হয়তো বা। ব্যাটিং পজিশনে হয়তো আমাকে দরকার নেই…।’