রংপুরকে ১৮৭ রানের লক্ষ্য দিল ঢাকা

বিপিএলের এবারের আসরে দ্বিতীয় ফিফটির দেখা পেলেন রনি তালুকদার। সাকিব আল হাসানের সঙ্গে গড়ে উঠল তার দারুণ এক জুটি। শুরুতে সুনিল নারিন ও শেষে কিয়েরন পোলার্ডও রান পেলেন। তাতে রংপুর রাইডার্সের সামনে চ্যালেঞ্জিং এক লক্ষ্য দাঁড় করাল ঢাকা ডায়নামাইটস।

সোমবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা। দুই দলের প্রথম লড়াইটায় জয়ী ছিল সাকিবের দল। রোমাঞ্চকর ম্যাচে রংপুরকে ২ রানে হারায় ঢাকা। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার পালা টানা তিন ম্যাচ জেতা রংপুরের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও সুনিল নারিন ভালো শুরু পেয়েছিলেন। জাজাই অবশ্য ১৭ রান করেই ফিরে যান। দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। দলীয় ৫১ রানে নারিন ফেরেন ব্যক্তিগত ২৮ রানে। ১৯ বলের ইনিংসে ২টি ছক্কা্ ও ৩টি চার হাঁকান এই ক্যারিবিয়ান।

এরপর রনি ও সাকিবের তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটিতে ভর করে বড় রানের ভিত পায় ঢাকা। ফরহাদ রেজার শিকার হওয়ার আগে ১২ বলে দুই চারে ২৫ রান করেন সাকিব। তবে রনি ফেরেন ফিফটি করে। ৩২ বলের ইনিংসটি তিনি সাজান ১ ছক্কা ও ৬ চারে।

কিয়েরোন পোলার্ড ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৭ রান করেন। তাতে ৬ উইকেটে ১৮৬ রানের পুঁজি পায় ঢাকা।

রংপুরের পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন ফরহাদ রেজা। ১টি করে উইকেট নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম ও শহিদুল ইসলাম।