ডি ভিলিয়ার্সের ব্যাটে উড়ে গেল ঢাকা

আসল ম্যাচেই জ্বলে উঠলেন এবি ডি ভিলিয়ার্স। হাঁকালেন সেঞ্চুরি। ঠিক আগের ম্যাচেই সেঞ্চুরি হাঁকানো অ্যালেক্স হেলস এ ম্যাচেও সেদিনের ফর্মটাকে টেনে আনলেন। তাতে বিপিএলের অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস বড় স্কোর করেও একরকম উড়ে গেল রংপুর রাইডার্সের কাছে। দাপুটে জয়ে প্রথম দেখায় হারের মধুর প্রতিশোধটাও নিয়ে নিল রাইডার্সরা।

সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৬ রান করে ঢাকা। জবাবে মাত্র ৫ রানে ২ উইকেট হারানো রংপুর জয় তুলে নিয়েছে আর কোনো উইকেট না হারিয়ে

তৃতীয় উইকেট জুটিতে ডি ভিলিয়ার্স ও হেলস ম্যাচ শেষ করে তবেই মাঠ ছেড়েছেন। ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন দুজন। ৫০ বলে ৬ ছক্কা ও ৮ চারে অপরাজিত ১০০ রান ডি ভিলিয়ার্সের। ইংলিশ ব্যাটসম্যান হেলস ৫৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৫ রানে অপরাজিত থাকেন।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে গেছে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন রংপুর। দুই দলের প্রথম ম্যাচটা হয়েছিল বারুদে উত্তেজনার। ঢাকার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নামা রংপুর ম্যাচ হারে মাত্র ২ রানে। জয়ের খুব কাছে চলে গিয়েও নাটকীয়ভাবে ম্যাচ হেরেছিল দলটি।

টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ঢাকাকে বড় স্কোরের ভিত গড়ে দিয়েছিলেন রনি তালুকদার। আসরে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন তিনি। দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও সুনিল নারিন ভালো শুরু পেয়েছিলেন। জাজাই অবশ্য ১৭ রান করেই ফিরে যান। দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। দলীয় ৫১ রানে নারিন ফেরেন ব্যক্তিগত ২৮ রানে। ১৯ বলের ইনিংসে ২টি ছক্কা্ ও ৩টি চার হাঁকান এই ক্যারিবিয়ান।

এরপর রনি ও সাকিবের তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটিতে ভর করে বড় রানের ভিত পায় ঢাকা। ফরহাদ রেজার শিকার হওয়ার আগে ১২ বলে দুই চারে ২৫ রান করেন সাকিব। তবে রনি ফেরেন ফিফটি করে। ৩২ বলের ইনিংসটি তিনি সাজান ১ ছক্কা ও ৬ চারে।

কিয়েরোন পোলার্ড ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৭ রান করেন। তাতে ৬ উইকেটে ১৮৬ রানের পুঁজি পায় ঢাকা।
রংপুরের পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন ফরহাদ রেজা। ১টি করে উইকেট নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম ও শহিদুল ইসলাম।

জবাব দিতে নেমে দুঃস্বপ্নের শুরু রংপুরের। দ্বিতীয় ওভারে বল করতে এসেই পর পর দুই বলে ক্রিস গেইল ও রাইলি রুশোকে তুলে নেন আন্দ্রে রাসেল। মাত্র ৫ রানে ২ উইকেট হারায় দলটি। কিন্তু ডি ভিলিয়ার্স ও হেলস তৃতীয় উইকেটে গড়লেন বিপিএলের রেকর্ড জুটি। ১৮৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করে আসেন দুজন।

তারায় ভরা রংপুর ঠিকঠাক জ্বলে উঠলে যে কেউই বাধা নয় তাদের সামনে, সেটিই যেন প্রমাণ হলো এ ম্যাচে।