মুরগির ডিম থেকে ক্যানসার প্রতিরোধী ওষুধ!

মুরগির শরীরে জিনগত কিছু পরিবর্তন ঘটানোর পর তার ডিম থেকে ক্যানসার চিকিৎসা সম্ভব হবে বলে জানিয়েছেন গবেষকরা।

তারা বলছেন, এ ধরনের ডিমে এমন কিছু ওষুধ থাকবে যা দিয়ে আর্থরাইটিসসহ কয়েক ধরনের ক্যানসারের চিকিৎসা করা সম্ভব।

শুধু তাই নয়, বলা হচ্ছে যে কারখানায় এসব ওষুধ উৎপাদন করতে যত খরচ হবে, মুরগির মাধ্যমে এই একই ওষুধ তৈরিতে খরচ পড়বে তার চেয়ে এক শ গুণ কম।

ব্রিটেনে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের রসলিন টেকনোলজিসের গবেষক ড. লিসা হেরন বলেন, এই পদ্ধতিতে যে খরচ হবে সেটা কারখানায় এসব প্রোটিন উৎপাদনের খরচের তুলনায় ১০ থেকে ১০০ গুন কম।

খরচ কম হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে, মুরগির ঘর তৈরি করতে খুব বেশি ব্যয় করতে হয় না, কিন্তু কারখানায় এসব প্রোটিন উৎপাদনের জন্য জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করতে লাগে প্রচুর অর্থ।

বিজ্ঞানীরা বলছেন, মানবদেহে নানা রোগের জন্ম হওয়ার পেছনে একটি বড় কারণ হলো আমাদের শরীর কোনো একটি নির্দিষ্ট রাসায়নিক কিংবা প্রোটিন খুব বেশি পরিমাণে তৈরি হয় না। কিন্তু এসব প্রোটিনের ঘাটতি পূরণ করার মাধ্যমে অনেক রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ড. হেরন এবং তার সহ-গবেষকরা মুরগির ডিএনএ’র ভেতরে মানুষের এমন একটি জিন ঢুকিয়েছেন যা মানবদেহের প্রোটিন তৈরি করে থাকে।

তারা পরীক্ষা করে দেখেছেন, এর ফলে মুরগির ডিমের সাদা অংশের মধ্যে ওই প্রোটিন পাওয়া গেছে।

এ রকম বেশ কিছু পরীক্ষার পর ড. হেরন মুরগির ডিম ভেঙে, সাদা অংশকে কুসুম থেকে আলাদা করে দেখতে পেয়েছেন যে তাতে প্রচুর পরিমাণে মানব প্রোটিন রয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, এই ওষুধের একটি ডোজ তৈরি করতে মাত্র তিনটি ডিমই যথেষ্ট। এবং একটি মুরগি বছরে ৩০০টির মতো ডিম পাড়তে পারে।

গবেষকরা বলছেন, প্রচুর মুরগি চাষের মাধ্যমে এসব ওষুধ বাণিজ্যিক হারেও উৎপাদন করা সম্ভব।

বিজ্ঞানীরা বলছেন, এসব মুরগি থেকে প্রাণী-স্বাস্থ্যেরও নানা ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করা যাবে।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলেন স্যাঙ বলছেন, মুরগির ডিম থেকে আমরা এখনো মানব দেহের ওষুধ তৈরি করিনি। তবে এই গবেষণা থেকে এটা স্পষ্ট যে মানুষের শরীরে ক্যানসারসহ নানা রোগের চিকিৎসায় মুরগির ডিম থেকে পাওয়া এসব প্রোটিন ব্যবহার করা সম্ভব।"

এসব ডিম শুধু পরীক্ষার জন্যই উৎপাদন করা হয়েছে। বিক্রির জন্য এখনো বাজারে ছাড়া হয়নি। খবর বিবিসি বাংলা