স্কুল থেকে আর ফেরা হলো না আফসার ও আফরিনের

স্কুল শেষ করে বাবার সঙ্গে মোটর বাইকে করে বাড়ি ফিরছিল দুই ভাই বোন আফসার (৭) ও আফরিন (৯)। বেপরোয়া গতির এক ট্রাক কেড়ে নিল তাদের জীবন।

সোমবার সকাল ১১টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসার হোসেন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা আফরিন।

মোটরসাইকেল চালক নিহতদের বাবা কলিম হোসেন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুরের পুরাহাটি এলাকায়।

এদিকে ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া মহাসড়কে বিক্ষোভ করেছে। বিক্ষোভ শেষে এ ঘটনার বিচার দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় উপস্থিত হয়। পুলিশের আশ্বাসে তারা শান্ত হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মনসুর আলী বলেন, নিহতদের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানোর হয়েছে।

একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ১১টার দিকে কলিম হোসেন তার স্কুলপড়ুয়া দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। প্রিয়াঙ্গণ আবাসিক প্রকল্পের ফটকের সামনে আসলে মালবোঝাই একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আফসার ও আফরিন মারা যায়। এ ঘটনায় তাদের বাবা কলিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহতদের স্কুলের শিক্ষক রাবেয়া বশরী জানান, আজ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা উৎসব ছিল। খেলা শেষে শিশুদের বাবা তাদের নিয়ে বাসায় ফিরছিলেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো শাহজামান দেশ রূপান্তরকে বলেন, আমরা ট্রাকটি আটক করেছি। আবদুল্লাহপুর-ধলেশ্বরী সেতুর কাছে রডভর্তি ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।