প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

প্রকল্পের কাজে দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা

সরকারি অর্থের অপচয় আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান। তিনি বলেন, ‘প্রকল্পের কাজে দুর্নীতির প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ গতকাল সোমবার প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলনকক্ষে প্রাণিসম্পদ উপখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাসিক পর্যালোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

কাজের ব্যর্থতা বা দুর্বলতা আড়াল না করে এডিপি-সভায় বাস্তবচিত্র তুলে ধরতে প্রকল্প পরিচালকদের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘প্রকল্পের কাজের অবস্থা দেখতে আমি আকস্মিক পরিদর্শনে যাব।  নির্ধারিত মেয়াদেই প্রকল্পের কাজ শেষ করতে হবে। অর্থবছর শেষ হলে যেনতেনভাবে প্রকল্পের টাকা খরচ করে সরকারি অর্থের অপচয় আর নয়। প্রকল্পের মেয়াদ শেষে আর সময়বৃদ্ধি করা যাবে না, যাতে নতুন-নতুন প্রকল্প গ্রহণ করা যায়।’ প্রকল্প বাস্তবায়নে বেসরকারি খামারের ওপর নির্ভর না করে নিজেদের প্রকৌশল শাখাকে জনবলে সমৃদ্ধ করারও নির্দেশ দেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।

সভায় প্রাণী খাতের ২১টি চলমান প্রকল্পের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় সচিব রইছউল আলম মণ্ডলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।