নগরীর ইপিজেড এলাকায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেছে এক নারীর। গত রবিবার রাতে ছুরিকাঘাতে
আহত নাজমা বেগম (৩৭) গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। এ ঘটনার রাতেই অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজমা নগরীর আকমল আলী রোডের মাহবুব কলোনিতে থাকতেন। তার বাড়ি বাগেরহাট জেলার মোংলায়।
ইপিজেড থানার ওসি নুরুল হুদা দেশ রূপান্তরকে জানান, প্রায় দুই বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। রবিবার রাতে নাজমা কাজ শেষে কারখানা থেকে বাসায় ফেরার সময় পথরোধ করে সাবেক স্বামী রবিউল। কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউল নাজমার পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চমেক হাসপাতালে নিয়ে আসে।
গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় নাজমার মৃত্যু হয় বলে জানান চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।