বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘের কার্যকর ভূমিকা পালনে নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। নিরাপত্তা পরিষদে ৫ সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক। এর অবসান দরকার। বর্তমানে কয়েকটি প্রভাবশালী রাষ্ট্রের স্বার্থের কারণে মানবতা ভূলুণ্ঠিত হলেও রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন ইস্যুতে জাতিসংঘ কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। গতকাল সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘বৈশ্বিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকা : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সেমিনার হয়। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এবং খুবির সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন ডিসিপ্লিন যৌথভাবে এ আয়োজন করে।
আইন ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন খুবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, কোষাধ্যক্ষ সাধন রঞ্জন ঘোষ, খুলনায় ভারতের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, ইউনিসেফের আঞ্চলিক মাঠ প্রধান মো. কফিল উদ্দিন প্রমুখ।