কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন এক নারী। মিরপুর এলাকার কাউন্সিলর ও যুবলীগ নেতা কাজী জহিরুল ইসলাম মানিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে গতকাল সোমবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেন নূরুন নাহার বেগম। তিনি মিরপুরের পল্লবীর পলাশনগর এলাকার অহিদ মোল্লার মেয়ে।

সংবাদ সম্মেলনে বলা হয়, মিরপুরের বিভিন্ন ফুটপাত থেকে মাসে কয়েক কোটি টাকা চাঁদাবাজি করছে মানিক। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। লিখিত বক্তব্যে নূরুন নাহার বলেন, ‘কাউন্সিলর মানিক ও তার চাচা হারুন আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে আমার ২০ কাঠা জমি দখল করে নেওয়ার চেষ্টা করছে। চাঁদাবাজি ও অবৈধ দখলের মাধ্যমে কাউন্সিলর মানিক সম্পদের পাহাড় গড়েছে। তার বিরুদ্ধে থানায় ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।’ এ বিষয়ে বক্তব্য জানার জন্য কাউন্সিলর জহিরুল ইসলাম মানিকের মোবাইল নম্বরে কয়েকবার ফোন করা হলে তার দুটি ফোন নম্বরই বন্ধ পাওয়া যায়।