প্রিয়াঙ্কার স্বামীর সঙ্গে প্রেম করতে চান ভূমি

বলিউড-হলিউডের তারকা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রেম-বিয়ের সূত্রে ভারতে নিক জোনাস বেশ জনপ্রিয়। ২০১৮ সালে দেশটিতে গুগলে বেশিবার খোঁজা ব্যক্তিদের অন্যতম তিনি।

এবার শোনা যাচ্ছে, আমেরিকান পপ গায়ক নিকের প্রেমে পড়েছেন প্রিয়াঙ্কার এক সহকর্মী। নিকের বিয়ে নিয়ে তার মাথাব্যথা নেই। সুযোগ মিললেই তিনি ডেটে যেতে চান। কে এ নায়িকা?

তিনি হলেন ‘দম লাগা কে হাইশা’-খ্যাত ভূমি পেডনেকর। সম্প্রতি করণ জোহরের সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে নিজের ইচ্ছার কথা জানান।

করণের প্রশ্ন ছিল- কার প্রেমিক বা বরের সঙ্গে ডেট করতে চান? ‘টয়লেট এক প্রেমকথা’ সিনেমার নায়িকা উত্তর দিতে দেরি করেননি। বলেন, ‘‘নিক জোনাস। ওর গান শুনে বড় হয়েছি। ওর মধ্যে অন্যরকম একটা মাদকতা রয়েছে।’’

‘জোনাস ব্রাদার্স’ ব্যান্ডে গান গাইতেন নিক। গান শুনে বিশ্বের বহু তরুণী তার প্রেমে পড়েছেন। ভূমিও ব্যতিক্রম নন। এমন মন্তব্যে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া কী- তা অবশ্য জানা যায়নি।

‘কফি উইথ করণ’-এর ওই পর্বে ভূমির সঙ্গে আরও ছিলেন রাজকুমার রাও। শিগগিরই পর্বটি প্রচার হবে।

এ নায়িকাকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের সিনেমা ‘লাস্ট স্টোরিজ’-এ। হাতে আছেন সঞ্চিরিয়া ও তাখত’সহ বেশ কিছু সিনেমা।