২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ওই আসরে সরাসরি খেলতে পারবে না বাংলাদেশ। সরাসরি খেলতে পারবে না দক্ষিণ এশিয়ার আরেক শক্তিশালী দল শ্রীলঙ্কাও।
মঙ্গলবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্মেটের আসরের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সুপার ১২ খেলতে হলে ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে হতো বাংলাদেশ, শ্রীলঙ্কাকে। সেটা তারা পারেনি।
বাংলাদেশ-শ্রীলঙ্কাকে খেলতে হলে প্রথমে বাছাই পর্ব খেলে সুপার টুয়েলভে জায়গা পেতে হবে। বাছাই পর্বের খেলা শেষে চারটি দল জায়গা পাবে সুপার টুয়েলভে।
বাছাই পর্বের খেলায় বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে; শ্রীলঙ্কা পড়েছে ‘এ’ গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকছে চারটি দল।
সহযোগীদের সঙ্গে বাংলাদেশের খেলাগুলো হবে ১৯, ২১, ২৩ অক্টোবর। বাছাইয়ের পরই সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২৪ অক্টোবর থেকে, চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
এই পর্বে থাকবে দুটি গ্রুপ। প্রথম গ্রুপে খেলবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, প্রথম পর্বে গ্রুপ ‘এ’ থেকে আসা গ্রুপ চ্যাম্পিয়ন ও প্রথম পর্বে গ্রুপ ‘বি’ থেকে আসা রানার্সআপ দল।
বাছাই পর্বে বাংলাদেশ যদি গ্রুপের সেরা হয়ে সুপার টুয়েলভে ওঠে সেক্ষেত্রে বাংলাদেশ খেলবে দ্বিতীয় গ্রুপে। ওই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হবে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল। সে ক্ষেত্রে বাংলাদেশের সুপার টুয়েলভ শুরু হবে ২৬ অক্টোবর।
প্রথম গ্রুপে খেলবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, প্রথম পর্বে গ্রুপ ‘এ’ থেকে আসা গ্রুপ চ্যাম্পিয়ন ও প্রথম পর্বে গ্রুপ ‘বি’ গ্রুপের রানার্সআপ।
গ্রুপ দুটি জানান দিচ্ছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার কোনও সুযোগ পাচ্ছে না দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল হবে ১১ নভেম্বর, ১২ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল। মেলবোর্নে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর। মোট সাত ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৪৫টি ম্যাচ।
একই সময়ে অস্ট্রেলিয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও চলবে। এটি হবে ১০ দলের অংশগ্রহণে; দুই গ্রুপে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিও প্রকাশ করেছে আইসিসি।