রাজবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে সোমবার রাতে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরীকে চিকিৎসার জন্য মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুজন, আকাশ, আল-আমিন, ফজলু ও বাবু। অপর আসামি মোস্ত এখনও পলাতক রয়েছে।

ঘটনার পর রাজবাড়ী সদর হাসপাতালে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সদর হাসপাতালের ২য় তলায় মেয়েটি পুলিশ প্রহরায় চিকিৎসাধীন। তার আত্মীয়-স্বজনরা পুলিশের নির্দেশে মুখ খুলছেন না।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ৬ ঘণ্টা আগে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছেন।

এদিকে সূর্যনগর মহাদেবপুর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, দিনমজুরের স্কুল পড়ুয়া মেয়েটি এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাকে ৪/৫জন যুবক প্রায়ই উত্ত্যক্ত করত। সোমবার সন্ধ্যার পর তারা মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, পূর্ব সম্পর্কের সূত্র ধরে সোমবার বিকলে আসামি সুজন ওই মেয়েটিকে শহরের ড্রাই-আইস ফ্যাক্টরি এলাকায় ডেকে নিয়ে আসে। পরে অন্য বন্ধুরা মিলে মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাজবাড়ী থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। রাজবাড়ী থানা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।