চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে এবং এর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুর বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক ফৌজদারি মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ হুয়াওয়ে এবং মেং ওয়ানঝুর বিরুদ্ধে ব্যাংক ও টেলিযোগাযোগ প্রতারণা, প্রযুক্তি চুরি, বিচারে বাধা প্রদানসহ অনেকগুলো ফৌজদারি অপরাধের অভিযোগ আনে।
হংকং থেকে মেক্সিকো যাওয়ার পথে গত বছরের ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অনুরোধে মেং ওয়ানঝুকে গ্রেপ্তার করে কানাডা।
দেশটির সর্বোচ্চ আদালত ব্রিটিশ কলম্বিয়ার সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, হুয়াওয়ে নিষেধাজ্ঞা ভঙ্গ করে ২০০৯ থেকে ২০১৪ সাল নাগাদ স্কাইকম নামে আলাদা প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানে ব্যবসা করেছে।
তবে ওয়ানঝু তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করে। গ্রেপ্তারের পরে গত মাসে জামিনে মুক্তি পেলেও কঠোর নজরদারিতে আছেন তিনি। আগামী ৬ ফেব্রুয়ারি তাকে ফের আদালতে তোলা হবে। ধারণা করা হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে তার ৩০ বছর কারাদণ্ড হতে পারে।
এদিকে ওয়ানঝুকে গ্রেপ্তারকে কেন্দ্র করে চীনের সঙ্গে কানাডার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বেইজিং একাধিক কানাডীয় নাগরিককে গুপ্তচরবৃত্তি অভিযোগ এনে আটক করে।
ওয়ানঝুকে গ্রেপ্তারের ফলে চীনের সঙ্গে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয় যুক্তরাষ্ট্রের সঙ্গেও। এদিকে ওয়ানঝুকে ওয়াশিংটনের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করলেও আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি যুক্তরাষ্ট্র। তবে ৩০ জানুয়ারি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর শেষ সময় বলে জানা গেছে।