নিজের সবচেয়ে বড় সমালোচকের নাম প্রকাশ করলেন লিওনেল মেসি। বার্সেলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের এই সমালোচক তারই বড় ছেলে থিয়াগো! এক সাক্ষাৎকারে মজা করে এমনটাই বললেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
খেলা বা আচরণে মেসির কোনো খুঁত নেই বললেই চলে। এরপরও তার খেলা নিয়ে সমালোচনা করার মতো জায়গা খুঁজে পান থিয়াগো।
ছয় বছর বয়সী থিয়াগো প্রসঙ্গে বাবা মেসি বলেন, “থিয়াগো ফুটবলটা বেশ ভালো বোঝে। সে আরও বড় হয়েছে। সে ফুটবল সম্পর্কীত সবকিছু নিয়েই কথা বলে। ফুটবলের সবকিছুর সঙ্গেই সম্পৃক্ততা আছে।”
“হ্যাঁ, এরই মধ্যে কয়েকবার তার সমালোচনার শিকার হয়েছি! লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সে বার্সেলোনার খোঁজ-খবর রাখে।”
“পরাজয় ও বাজে পারফরম্যান্স হজম করাটা সবসময়ই কঠিন। ম্যাচে কী হয়েছিল তা বলার জন্য থিয়াগো আমাকে জোর করে। কেন আমরা জিততে পারেনি, সে ব্যাখ্যা জানতে চায়। এখন আমরা অনেক কথা বলি।”