রংপুরের আলোচিত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনা হত্যা মামলায় তার স্ত্রী দীপা ভৌমিক ওরফে স্নিগ্ধাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন রংপুরের জেলা ও দায়রা জজ আদালত।
রায় ঘোষণার সময় এজলাস কক্ষে উপস্থিত ছিলেন এই হত্যামামলার মূল আসামি স্ত্রী দীপা ভৌমিক। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক এবিএম নিজামুল হক এ আদেশ দেন।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে মামলার প্রধান আসামি রথীশ চন্দ্রের স্ত্রী স্নিগ্ধাকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে জেলা দায়রা জজ আদালতে নিয়ে আসা হয়। পরে তাকে এজলাস কক্ষে নিয়ে যাওয়ার পর রায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসামির উপস্থিতি রায় পড়ে শোনান বিচারক।
রায় ঘোষণার সময় এজলাস কক্ষে উপস্থিত দীপক ভৌমিকের মাঝে কোণ অস্বাভাবিক আচরণ লক্ষ করা যায়নি। চেহারায় কিছুটা ক্লান্তির ভাব লক্ষ করা গেলেও এই নৃশংস ঘটনায় জড়িত থেকে কোন অনুশোচনা লক্ষ করা যায়নি। এ সময় তিনি কোন কান্নাকাটি করেননি। পুলিশি প্রহরায় স্বাভাবিক চলাচল করেন তিনি। রায় ঘোষণা শেষে আদালত চত্বর থেকে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন। উৎসুক জনতাসহ আইনজীবী ও সাংবাদিকদের মাঝে এ রায়কে কেন্দ্র করে কর্মচঞ্চলতা দেখা যায়।