অভিবাসী শ্রমিকসহ সৌদিতে গ্রেপ্তার ২৫ লাখ

অনুমতি ছাড়া অবস্থান এবং কাজের অভিযোগে ২৫ লাখ অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। এদের প্রায় চার লাখ হচ্ছেন ‘অবৈধ’ শ্রমিক।

গত এক বছরে একাধিক অভিযানে বিপুল সংখ্যক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

আরব নিউজ জানায়, ২০১৭ সালের নভেম্বর থেকে শুরু হওয়া অভিযানে এক বছরে ২৫ লাখ ৪ হাজার মানুষকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে প্রায় সাড়ে ১৯ লাখ মানুষ দেশটিতে নিয়মবহির্ভূতভাবে বাস করে আসছিলেন, প্রায় চার লাখ মানুষ হচ্ছেন অবৈধ শ্রমিক। এছাড়া সীমান্ত সংক্রান্ত অপরাধের জন্য প্রায় ১ লাখ ৭২ হাজার জনকে গ্রেপ্তার করা হয়।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবের প্রবেশের চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয় ৪১ হাজার মানুষকে। এদের মধ্যে ৫১ শতাংশ ইয়েমেনি, ৪৬ শতাংশ ইথিওপিয়ান আর অন্যান্য দেশের নাগরিক ৩ শতাংশ।

গ্রেপ্তারকৃতদের প্রায় ৩ লাখ ৮৬ হাজার জনকে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হয়েছে। আর ৩ লাখ ৪৫ হাজার জনকে বসবাসের অনুমোদনের কাগজপত্র সংগ্রহের জন্য স্ব স্ব দূতাবাসে পাঠানো হয়। এছাড়া ৬ লাখ সাড়ে ৩৭ হাজার জনকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।