কারাগারে থেকে ভোট করা শাহাদাত জামিনে মুক্ত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন প্রায় তিন মাস পর জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ডা. শাহাদাত।

তার আইনজীবী কামরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘উনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। শেষ দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন মিলেছে।’

‘সেই আদেশসহ অন্যান্য মামলার জামিনের নথিপত্র কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়’

তিনি আরও জানান, ডা. শাহাদাতের বিরুদ্ধে মোট ৪৩টি মামলা ছিল। সব মামলায় জামিন পেয়েছেন।

ডা. শাহাদাত হোসেন গত বছরের ৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালত থেকে গ্রেপ্তার হয়েছিলেন। কারাগারে থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।