বদমেজাজ নিয়ন্ত্রণে শিশুকে গাঁজার বিস্কুট!

চার বছর বয়সী এক শিশুর বদমেজাজ নিয়ন্ত্রণে প্রাকৃতিক ওষুধ হিসেবে গাঁজার বিস্কুট খেতে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক চিকিৎসক। এ ঘটনায় তার লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার জন্য দাবি উঠেছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, ডা. উইলিয়াম ইডেলম্যান নামে এ চিকিৎসক তার রোগীদের চিকিৎসায় ব্যবহার করেন প্রাকৃতিক ওষুধ।

তার দাবি, শিশুদের অল্প পরিমাণে গাঁজা সেবন করাতে পারলে তাদের বদমেজাজ নিয়ন্ত্রণ করা সম্ভব।

জানা গেছে, ২০১২ সালে সেপ্টেম্বরে চার বছর বয়সী এক শিশুকে তার বাবা নিয়ে যান উইলিয়ামের কাছে। শিশুর বদমেজাজ নিয়ন্ত্রণের ওষুধ হিসেবে তিনি গাঁজা মিশ্রিত বিস্কুট খাওয়ার পরামর্শ দেন।

পরে বিষয়টি ওই শিশুর স্কুলের নার্সের কাছে ধরা পড়ে। এতে ক্যালিফোর্নিয়ার মেডিকেল বোর্ড উইলিয়ামের লাইসেন্স বাতিল করে দেওয়ার রুল জারি করে। কিন্তু নিজের সিদ্ধান্ত ও চিকিৎসা পদ্ধতির ওপর অটল থাকেন এ চিকিৎসক।

তবে মজার কথা হচ্ছে, ওই শিশুর বাবারও ছোটবেলায় একই ধরনের মানসিক সমস্যা ছিল। সে সময় তাকে গাঁজা সেবন করতে দেওয়া হলে তা থেকে নিরাময় লাভ করেন।

ওই ব্যক্তি জানান, প্রাপ্তবয়স্ক হয়ে তিনি আবার গাঁজা সেবন করা শুরু করেন। এমনকি এতে তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য মিটে গেছে।

ওই ব্যক্তি তার বড় ছেলেকেও একই কারণে গাঁজা দিয়েছিলেন। বদমেজাজ নিয়ন্ত্রণে গাঁজা নাকি তাদের ওপর ভালো প্রভাব ফেলেছিল।

উল্লেখ্য, চিকিৎসার জন্য ১৯৯৪ সাল থেকেই গাঁজার ব্যবহার বৈধ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যটিতে। কিন্তু শিশুর ওপরে এ মাদকদ্রব্য ব্যবহার করায় সবাই ক্ষোভ প্রকাশ করেছেন।

তবে শুধু শিশু নয়, হাজার হাজার রোগীর চিকিৎসায় গাঁজা ব্যবহার করেছেন বলে দাবি করেছেন ডা. উইলিয়াম।