কাজী জাফরের জরিমানার অর্থ আদায়ে ব্যবস্থার নির্দেশ

দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহমেদের মৃত্যুর কারণে তার ১০ বছরের সশ্রম কারাদ- বাতিল করলেও তাকে দেওয়া অর্থদন্ডের ৯ লাখ ৭০ হাজার টাকা আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. হাবিবুল ইসলাম ভূঁইয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম আমিনউদ্দিন মানিক দেশ রূপান্তরকে বলেন, কাজী জাফর এবং তার ওয়ারিশদের যেসব সম্পত্তি আছে তা থেকে এই জরিমানার টাকা আদায়ের জন্য দুদক এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন উদ্যোগ নেবে।