ম্যানইউর জয়রথ থামাল বার্নলি

ওলে গুনার সুলশারের অধীনে একের পর এক জয় পেয়ে যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। টানা আট ম্যাচে জয়! সেই জয়রথে ছেদ ঘটালো ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানির দিকের দল বার্নলি। দলটির সঙ্গে ড্র করেছে রেড ডেভিলরা।

ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে বার্নলির বিপক্ষে হারতে বসেছিল ইউনাইটেড। শেষ মুহূর্তের দুই গোলে সেই লজ্জা এড়িয়ে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব।

নিজেদের মাঠে বল দখল ও আক্রমণে ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল ইউনাইটেড। কিন্তু গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছিল না তারা। গোলশূন্যতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুতে উল্টো গোল খেয়ে বসে স্বাগতিক দল। ইংলিশ মিডফিল্ডার জ্যাক কর্কের রক্ষণচেরা পাসে ডি-বক্স থেকে গোলটি করেন বার্নলির ফরোয়ার্ড অ্যাশলি বার্নস।

ম্যাচে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। এই সময়ে দলটির আক্রমণভাগের তারকা দুই খেলোয়াড় পল পগবা ও রোমেলু লুকাকুর সহজ দুটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন অতিথি দলের গোলরক্ষক টম হিটন।

৮১তম মিনিটে আরও একটি গোল খেয়ে বসে ইউনাইটেড। উঁচু করে বাড়ানো বল হেডে জালে জড়ান ক্রিস উড। ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্নলি।

৮৭তম মিনিটে পল পগবার স্পটকিক থেকে একটি গোল শোধ করে ইউনাইটেড। ডি-বক্সে দলটির আক্রমণভাগের খেলোয়াড় জেসে লিনগার্ড ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

তখনও বাকি ছিল শেষ সময়ের নাটকীয়তা। যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে ড্র সূচক গোল পায় ইউনাইটেড। ছয় গজ দূর থেকে গোলটি করেন ভিক্তর লিনদেলোভ। কর্নার থেকে পাওয়া বলে আলেক্সিস সানচেস শট নিলে ঠেকিয়ে দেন বার্নলি গোলরক্ষক। ফিরে আসা বল হালকা টোকায় জালে জড়ান সুইডিশ ডিফেন্ডার লিনদেলোভ। উচ্ছ্বাসে ভাসে গ্যালারিতে থাকা সমর্থকরা।

এই ড্রয়ে লিগের পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থান ধরে রেখেছে ইউনাইটেড। ২৪ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে তাদের পয়েন্ট ৪৫। ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এক ম্যাচ কম খেলা লিভারপুল।

দিনের অপর ম্যাচে নিউ ক্যাসেল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে হারা ম্যানচেস্টার সিটি ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে টটেনহ্যাম হটস্পার।