ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে চিটাগং

বিপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকার বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বরে থাকা দল দুটি।

এবারের বিপিএলে ঢাকার শুরুটা ছিল দুর্দান্ত। নিজেদের প্রথম চার ম্যাচের সবকটিতেই জয় পায় সাকিব আল হাসানের দল। মাঝে ছন্দপতনের পর গত তিন ম্যাচের তিনটিতেই হারে গত আসরের রানার্স-আপরা।

নয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থস্থানে আছে গত আসরের ঢাকা। চিটাগংকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে তাদের।

ঢাকার মতোই দশা চিটাগংয়েরও। গত তিন ম্যাচের সবকটিতেই হেরেছে মুশফিকের দল। সবশেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে পাত্তাই পায়নি তারা। ঢাকার চেয়ে একটি ম্যাচ বেশি খেলে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে বন্দরনগরীর দল।

এর আগে মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ঢাকা-চিটাগং। ওই ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছিল চিটাগং। দলটির বিপক্ষে দ্বিতীয় দেখায় দলে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ঢাকা।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ক্যামেরুন ডেলপোর্ট, ইয়াসির আলি, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, সিকান্দার রাজা, নাজমুল হোসেন মিলন, নাঈম হাসান, দাসুন শানাকা, আবু জায়েদ, খালেদ আহমেদ

ঢাকা ডায়নামাইটস একাদশ: অ্যান্ডু বার্চ, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), মোহর শেখ, মাহমুদুল হাসান, মিজানুর রহমান, নুরুল হাসান (উইকেটকিপার), কাইরন পোলার্ড, রুবেল হোসেন, আন্ড্রে রাসেল, শুভাগত হোম