আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ‘আন্ডার কাভার অপারেশন’ চালাবে বলে জানিয়েছেন এই এলিট ফোর্সে মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র প্রতারণা রোধে র্যাবের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ধরে বেনজীর আহমেদ বলেন, ‘আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে আমরা সাইবার ওয়ার্ল্ডে সাইবার পেট্রলিং অলরেডি শুরু করেছি। আন্ডার কাভার অপারেশনও করবে র্যাব, গোয়েন্দা নজরদারি বাড়াব।’
তিনি বলেন, প্রত্যেকটা পরীক্ষার হলে র্যাবের অফিসাররা শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবে।
এ সময় প্রশ্নফাঁস বিষয়ে যে কোনো তথ্য থাকলে তা র্যাবকে জানাতে সংবাদকর্মীদের অনুরোধ জানান র্যাব ডিজি।
প্রশ্নফাঁসের জন্য যত ধরনের অ্যাপস রয়েছে ও অন্যান্য ধরনের মাধ্যম রয়েছে তা নজরদারিতে রাখার সক্ষমতা র্যাবের রয়েছে বলেও দাবি করেন তিনি।
বেনজীর আহমেদ বলেন, র্যাবের নিজস্ব গোয়েন্দা সংস্থা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় তৎপর থাকব, যাতে করে সোশ্যাল মিডিয়াতে কেউ এই ধরনের অপকর্ম করতে না পারে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ইতিমধ্যে অনেক অপরাধ নির্মূল করতে সক্ষম হয়েছি। সকলের সহযোগিতায় আমরা আশা করছি, ভবিষ্যতে প্রশ্নফাঁসের মতো অপচেষ্টাও নির্মূলে সক্ষম হব।
র্যাব ডিজি বলেন, শনিবার থেকে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় ২১ লক্ষাধিক ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। আমরা তাদের মঙ্গল কামনা করছি।
অভিভাবক ও ছাত্রছাত্রীদের শত প্রলোভনের মধ্যেও প্রশ্নফাঁসের অপচেষ্টা থেকে দূরে থাকার জন্য অনুরোধ জানান তিনি।
বেনজীর আহমেদ বলেন, গত বছর আমরা প্রশ্নফাঁসের মতো অপকর্মের সঙ্গে জড়িত থাকার দায়ে ১২৮ জনকে গ্রেপ্তার করেছি। অধিকাংশ সময় প্রতারণা করে টাকা নিয়ে যায়। এটা যেন না হয় সেটা নিয়ে সবাইকে খেয়াল রাখতে অনুরোধ করছি।