রাজধানীতে ধুলাবালি রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় পানি ছিটানো কার্যক্রম উদ্বোধন করেছেন মেয়র মো. সাঈদ খোকন। আসন্ন বইমেলা উপলক্ষে সংলগ্ন এলাকা ধুলাবালি মুক্ত রাখতে বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণে পানি ছিটিয়ে এ কার্যক্রম শুরু করেন তিনি।
এ সময় সাঈদ খোকন বলেন, ‘আমাদের শহর পরিচ্ছন্ন ও ধুলাবালিমুক্ত রাখতে আগে থেকেই পানি ছিটানো কার্যক্রম অব্যাহত আছে। এরপরও মহামান্য আদালত নির্দেশ দেওয়ায়, আমরা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি।’
তিনি বলেন, ‘আমাদের ৫১ কি.মি. প্রাইমারি সড়কে প্রতিদিন সকাল-বিকেল পানি ছিটানো হবে। ধুলাবালি দূষণ মুক্ত করতে খাদ্যে ভেজাল রোধের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা করা হবে।’
এ ছাড়া নগরবাসীদের উদ্দেশে মেয়র খোকন বলেন, ‘শুষ্ক মৌসুমে বাসা-বাড়ি নির্মাণসহ রাস্তাঘাটে উন্নয়নমূলক কাজ পরিচালিত হয়, সে কারণেও আরও বেশি ধুলাবালি সৃষ্টি হয়। তাই যারা যেখানে কাজ করছেন নিজ উদ্যোগে সেসব স্থানে সকাল-বিকেল পানি ছিটিয়ে ধুলাবালি মুক্ত রাখবেন।’
নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা একটু সচেতন হলে আমরা পরিচ্ছন্ন ধুলাবালি মুক্ত একটি শহর আপনাদের উপহার দিতে পারি। যদি নিজের আঙিনা, বাড়ির সামনে ধুলাবালি মুক্ত রাখতে কাজ করি তাহলে সবাই একটি ধুলাবালি মুক্ত পরিবেশ পাব।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন,অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপক খন্দকার মিল্লাতুল ইসলাম, সচিব শাহাবুদ্দিন খান প্রমুখ।
প্রসঙ্গত, গত সোমবার উন্নয়নমূলক কাজের কারণে ঢাকা মহানগরীতে ধুলাবালিতে বায়ু দূষণ প্রতিরোধে সকাল-বিকেল রাস্তায় পানি দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা শহরে বায়ু দূষণ সৃষ্টির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সপ্তাহে দুইবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।