বাড়িতে ফিরতে ১০ মিনিট দেরি হওয়ায় স্ত্রীকে তালাক দিয়ে দিলেন স্বামী। ভারতের উত্তরপ্রদেশের ইটাওয়াতে এ ঘটনা ঘটে।
সংবাদসংস্থা এএনআইকে ওই নারী জানান, মায়ের বাড়ি যেতে তাকে অনুমতি দিচ্ছিল না তার স্বামী। পরে আধাঘণ্টার মধ্যে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে অনুমতি দেওয়া হয় তাকে।
তিনি বলেন, অসুস্থ দাদিকে দেখতে মায়ের বাড়ি গিয়েছিলাম। স্বামী বলে, আধাঘণ্টার মধ্যে ফিরতে হবে। কিন্তু আমার মাত্র ১০ মিনিট দেরি হয়। তখনই সে আমার ভাইয়ের মোবাইলে ফোন করে তিনবার তালাক দিয়ে দেয় আমাকে।
ফোনে এভাবে তালাক পেয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন বলে জানান তিনি।
এ নারী আরও জানান, আমার পরিবার গরিব বলে বিয়ের সময় স্বামীকে কিছু দিতে পারেনি তাই শ্বশুরবাড়ির লোকেরা আমাকে প্রায়ই মারধর করত। এরজন্য আমাকে একবার গর্ভপাতও করাতে হয়।
এখন বিষয়টি হস্তক্ষেপের জন্য রাজ সরকারের কাছে তিনি আবেদন জানিয়েছেন। ওই নারী বলেন, আমার প্রতি ন্যায়বিচার করা হোক, নয়ত আত্মহত্যা করা ছাড়া আমার গতি থাকবে না।
ইটাওয়ার আলিগঞ্জের এরিয়া অফিসার অজয় ভাদুরিয়া জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।
কয়েক সপ্তাহ আগেই লোকসভায় পাশ হয়েছে তাৎক্ষণিক তিল তালাককে অপরাধ হিসাবে গণ্য করার বিল, তারমধ্যেই সময়ে বাড়ি না ফেরায় ফোনে তিন তালাক দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ইটাওয়ার এক ব্যক্তির বিরুদ্ধে।
প্রসঙ্গত, ২৭ ডিসেম্বর লোকসভায় একসঙ্গে টানা তিন তালাকের বিরুদ্ধে বিল পাশ হয়, সেখানে এভাবে তালাক প্রদানকে অপরাধ হিসাবে গণ্য করা হয় এবং অভিযুক্ত স্বামীর তিন বছরের কারাদণ্ডের আইনও আনা হয়।