ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ৯ আসামির মধ্যে ৫ জনের সাজা বহাল এবং ৪ জনকে খালাস দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নাজিবের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করেন।
যাদের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রয়েছে তারা হলেন- আসিফ ইমরান, আসাদ বিন কাদির, সিদ্দিকুর রহমান মিয়া, তামজিদ হোসেন বাবু এবং আবু তাহের মতুর্জা। হাইকোর্টের রায়ে খালাসপ্রাপ্তরা হলেন, আসিফ ইমতিয়াজ বুলু, কাজী মুরাদ, কামরুল ইসলাম আপন ও রাজীব হাসান।
২০০৫ সালের ১৭ নভেম্বর দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে শ্বাস রোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় করা মামলায় ২০১৩ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এক রায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামিরা ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। আপিল বিচারাধীন থাকা অবস্থায় জাহিদ নামে এক আসামি মারা যান। ৯ জনের আপিল ও জেল আপিলের শুনানি নিয়ে হাইকোর্ট আজ এ রায় ঘোষণা করলেন।