জাতীয় সংসদে বিরোধী দলের কাছ থেকে সরকারের প্রতি কোনো সমালোচনা আসলে তাকে স্বাগত জানাবেন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেছেন, সমালোচনা গণতন্ত্রের জন্য অপরিহার্য।
বুধবার একাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানিয়ে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেছেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে সমালোচনা অপরিহার্য। আমি নিশ্চিত করে বলতে পারি যারা সংসদে বিরোধী দল আছেন তারা সরকারের সমালোচনা করতে পারবেন। এ ক্ষেত্রে আমরা কোনো বাধা দেব না।
তিনি বলেছেন, আমরা বিগত সময়ে যেমন সরকারের সমালোচনাকে বাধাগ্রস্ত করিনি, ভবিষ্যতেও তা করব না।
সংসদের সদস্যদের অধিকার রক্ষা করা তার কর্তব্য বলে এ সময় উল্লেখ করেন শেখ হাসিনা।
স্পিকারকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি দল ও বিরোধী দলসহ সব সদস্য যাতে সমান সুযোগ পায়, অবশ্যই আপনি সেটা দেখবেন। এ ব্যাপারে আপনাকে আমরা সব সহযোগিতা করব। সেই আশ্বাস আমি দিচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রই একটি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়, তা আজ বাংলাদেশের ক্ষেত্রে প্রমাণিত সত্য। আমরা উন্নয়নের পথে এগিয়ে গিয়ে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি। এই ধারাবাহিকতা বজায় রেখে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলব।
প্রধানমন্ত্রী আরো বলেছেন, 'জনগণ ভোট দিয়ে যেহেতু আমাদের নির্বাচিত করে। আমরা যারা প্রতিনিধিরা বসেছি প্রত্যেকে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের প্রতিনিধি হিসেবে আমরা স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে'। খবর বাসস