সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বাইক চালকের হাতে হেনস্তা হলেন বলিউডের অভিনেত্রী শমিতা শেঠি। মুম্বাইয়ের থানে এলাকায় ওই ঘটনা ঘটে। এর পর রাবডি থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন।
এনডিটিভি জানায়, শমিতার গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের পরে তাকে মৌখিকভাবে হয়রানি করা হয়। চালক ছাড়াও তার দুই বন্ধু ছিলেন বাইকে।
পুলিশের বরাত দিয়ে বলা হয়, গাড়িতে ধাক্কা দেওয়ার পর শমিতার চালক দর্শন সাওয়ান্ত তাদের সঙ্গে কথা বলতে গাড়ি থেকে নামেন। এরপর চালকের সঙ্গে ওই তিনজনের বচসা শুরু হয়। এক পর্যায়ে বাইকচালক শমিতার গাড়ির চালককে থাপ্পড় মারে।
পুলিশের কাছে লিখিত অভিযোগে বলা হয়েছে দর্শনকে হুমকিও দেন বাইক চালক ও আরোহীরা। রাবডি থানার পুলিশ জানায়, আরোহীদের সন্ধান না পেলেও বাইকটি উদ্ধার করা হয়েছে।
২০০০ সালে ‘মহব্বতে’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় শমিতার। মহব্বত হো গ্যয়ি হ্যায় তুমসে, ক্যাশ ওবং জেহরের মতো চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। শমিতার বড় বোন শিল্পা শেঠিও জনপ্রিয় অভিনেত্রী ও উদ্যোক্তা।