সম্প্রতি একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ‘ডাকসু’ ও হল সংসদ নির্বাচনের পোলিং বুথের বিষয়টিকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’।
বুধবার গণমাধ্যমে পাঠানো ‘ছাত্র সংগ্রাম পরিষদে’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন তারা। এর আগে জরুরি বৈঠক করেন পরিষদের নেতারা। বিজ্ঞপ্তিতে ছাত্র সংগ্রাম পরিষদ এর সমন্বয়ক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সাক্ষর রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোলিং বুথ হলের অভ্যন্তরে হওয়া ঢাবি প্রায় শতবর্ষী ঐতিহ্য ও প্রথা। ভোটকেন্দ্র নিয়ে বিভ্রান্তি তৈরির মধ্য দিয়ে ঢাবির আবাসিক হলগুলোর সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ, সহিষ্ণুতার সংস্কৃতি ও স্বপ্নের ক্যাম্পাসের জন্য সম্মিলিত প্রয়াসকেই অপমান করা হচ্ছে।
পরিষদের নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থী হলে অবস্থান করে। ঢাবির সমস্ত একাডেমিক-প্রশাসনিক ও সহ-পাঠ্য কার্যক্রম হলকেন্দ্রিক, হল সংসদের কার্যক্রমও হলের আবাসিক বৈশিষ্ট্যকে উপজীব্য করেই। হলের আবাসিকতা-অনাবাসিকতা প্রশাসনিকভাবেই নির্ধারিত হয়।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র হলের ভেতর না দিয়ে অ্যাকাডেমিক ভবনে দেওয়ার দাবি করেছে প্রায় ১২ টি ছাত্র সংগঠন। তাদের অভিযোগ হলে ছাত্রলীগের একক আধিপত্য। এতে হলের ভেতর ভোট কেন্দ্র হলে কারচুপি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে উল্লেখ্যযোগ্য ছাত্রসংগঠনগুলো হল, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র মৈত্রী।