সমাবেশে অমিত শাহ

‘আর নেই দরকার মমতার সরকার’

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর দরকার নেই বলে মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে এক জনসভায় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।

এ সময় অমিত শাহ বলেন, ‘মে মাসেই মমতা সরকার শেষ। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিন সবাই বুঝে যাবে, আর নেই দরকার, মমতার সরকার। সকাল ৯টায় নির্বাচনের ফল গণনা শুরু হবে। বেলা ১টার মধ্যে গণনা শেষ হবে। বেলা ২টার পর থেকে মমতার পতন শুরু হয়ে যাবে।’

বিজেপি ক্ষমতায় এলে সীমান্তে অনুপ্রবেশ বন্ধ হবে জানিয়ে অমিত শাহ বলেন, একটি পায়রাকেও সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। মমতার অনুপ্রবেশকারী ভোটব্যাংক রুখে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গে সরকার বদলানোর ডাক দিয়ে অমিত শাহ বলেন, ‘সোনার বাংলা গড়তে বিজেপিকে ক্ষমতায় আনুন। বিজেপিই পারবে সোনার বাংলা গড়ে দিতে। এখন বাংলায় শিল্পপ্রতিষ্ঠান নেই। আছে শুধু বোমা তৈরির শিল্প। রবীন্দ্রনাথ, চৈতন্যদেব, রামকৃষ্ণ দেবের বাংলাকে ফের ফিরিয়ে আনতে হবে।