চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম। উদ্বোধনীর দিনে সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ অর্ধশত পুলিশ সদস্য রক্তদান করেন। পর্যায়ক্রমে জেলা পুলিশের ১০৪১ জন সদস্য রক্তদান করবেন বলে জানানো হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে পুলিশের সেবা সপ্তাহ। জনগণের সঙ্গে পুলিশের নতুনভাবে সেতুবন্ধনই এবারের সেবা সপ্তাহের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। রক্তদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, মো. কলিমুল্লাহ, সদর হাসপাতালের মেডিকেল অফিসার আওলিয়ার রহমান প্রমুখ। রক্তের প্রয়োজনে চুয়াডাঙ্গা জেলা পুলিশের কন্ট্রোলরুমের ০১৭৪৮-৯৬৭৭১১ এই নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।