হাতীবান্ধায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করার দাবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা পাইকারটারী উচ্চ বিদ্যালয়ের অপহৃত ছাত্রীকে (১৪) উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের স্থানীয় বড়খাতা বাসস্ট্যান্ডে রাস্তার দুই ধারে বিপুলসংখ্যক শিক্ষার্থী, পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল, জেলা পরিষদ সদস্য মর্জিনা বেগম, অপহৃত স্কুলছাত্রীর বাবা-মা ও সহপাঠীরা। বক্তারা অবিলম্বে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও দায়ীদের সবাইকে গ্রেপ্তারের দাবি জানান।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (আজ) আসামিদের পুনরায় রিমান্ড চেয়ে আবেদন করা হবে। মেয়েটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, স্কুলে আসার পথে ওই ছাত্রী গত বছরের ১৪ অক্টোবর অপহৃত হয়। এ ঘটনায় ২৬ অক্টোবর থানায় মামলা করা হলেও প্রধান আসামি এখনো পলাতক এবং স্কুলছাত্রীকে উদ্ধার করা যায়নি।