প্রথম ম্যাচে টিম বিজেএমসিকে হারানোর পর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ময়মনসিংহে আরামবাগের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর গতকাল বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে তারা ১-০ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়নের কাছে। ৫৭ মিনিটে একমাত্র গোলটি করে ব্রাদার্সকে প্রথম জয়ের স্বাদ এনে দেন পানামার স্ট্রাইকার জ্যাক ড্যানিয়েলস। বলার মতো এই একটাই সুযোগ তৈরি করেছিল ব্রাদার্স। যেটা কাজে লাগিয়ে জয়মাল্য তাদের গলায়।
ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেও কাক্সিক্ষত গোলের দেখা পায়নি সাদা-কালোরা। তাদের আক্রমণভাগের দুই ভিনদেশি ল্যান্ডিং দারবোয় ও কিংসলে চিগোজি বারবারই হামলে পড়েছেন ব্রাদার্সের রক্ষণে কিন্তু গোল থাকল সোনার হরিণ হয়ে। ব্রাদার্সের অভিজ্ঞ কিপার সুজন চৌধুরী দারুণ সব সেভ করে দলকে প্রথম ম্যাচে হারের তিক্ত অনুভূতি থেকে মুক্তি দিয়েছেন। এই কিপার এমনসব সেভ করেছেন ম্যাচজুড়ে যা শুধু হতাশাই বাড়িয়েছে মোহামেডান শিবিরে। তাই তো হারের আক্ষেপটা ছিল তাদের বেশি। মোহামেডানের কোচ আলী আজগর নাসির হতাশা না লুকিয়ে বললেন, ‘এই ম্যাচে নিদেনপক্ষে সাতটি গোল হতে পারত আমাদের। কমপক্ষে ১০টি সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত গোল পায়নি দল, এই হারের হতাশা বলে বোঝানো যাবে না।’
ইনজুরির কারণে ম্যাচের আগের তিন দিন অনুশীলনই করেননি মোহামেডানের গাম্বিয়ান প্লেমেকার ল্যান্ডিং। তারপরও দলের অন্যতম সেরা পারফরমারকে বাইরে বসিয়ে রাখার সাহস দেখাননি নাসির। সেই ল্যান্ডিং দারুণসব সুযোগ তৈরিতে রেখেছিলেন মুখ্য ভূমিকা। ম্যাচের অষ্টম মিনিটে ল্যান্ডিংয়ের পাস নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজির কাছে পৌঁছানোর আগেই ক্লিয়ার করেন ব্রাদার্স ডিফেন্ডার মোহাম্মদ সজল। ২১ মিনিটে তরুণ স্ট্রাইকার আমীর হাকিম বাপ্পির শট কিপার সুজন ঠেকিয়ে দেন। ইনজুরি টাইমে বাপ্পি পারেননি কাউসার আলী রাব্বির মাপা ক্রসে ঠিকঠাক পা ছোঁয়াতে।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। ব্রাজিলিয়ান মিডফিল্ডার এভারটন সান্তোসের ফাইনাল পাস পেয়ে বক্সের ওপরেই খানিকটা কাটিয়ে জায়গা করে নিয়ে পানামা ফরোয়ার্ড ড্যানিয়েলস যে শট নেন তা রুখতে পারেননি মোহামেডান কিপার সারওয়ার জাহান। শেষ ২০ মিনিটে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় সাদা-কালোরা। ৭৫ মিনিটে ল্যান্ডিংয়ের শট সুজন রুখে দেন। পরের মিনিটেই লিংকনের লম্বা ক্রসে কিংসলের শট ঝাঁপিয়ে রক্ষা করেন এই কিপার। ম্যাচের শেষ মুহূর্তে সুজনের আরেকটি দুর্দান্ত সেভ ৩ পয়েন্ট নিশ্চিত করেছে ব্রাদার্সের। একটি সমন্বিত আক্রমণ থেকে কিংসলে বল বাড়ান ল্যান্ডিংকে। বক্সের ভেতর থেকে এই গাম্বিয়ানের শট অবিশ^াস্য দৃঢ়তায় ঠেকিয়ে দেন সুজন। যোগ করা সময়ে বক্সের অনেক বাইরে থেকে লিওনার্দো লিমার বাইসাইকেল কিক আগুয়ান মোহামেডান কিপার সারওয়ার জাহান শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন।
দল জেতানো গোলের পর ড্যানিয়েলস বলেন, ‘আজ গোল করে বেশ খুশি। এর আগে স্বাধীনতা কাপে গোল করেছিলাম। এবার কমপক্ষে ১২ বা তার বেশি গোল করতে চাই। কারণ আমার জার্সি নাম্বারও ১২ (হাসি)।’
এই ম্যাচের মধ্য দিয়ে কাল শেষ হয়েছে লিগের তৃতীয় রাউন্ডের খেলা।