ডাকসুতে ছাত্রলীগকে সুবিধা দিতে হলে ভোটকেন্দ্র : ছাত্রফ্রন্ট ছাত্রদল নেতার ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগকে সুবিধা দিতে প্রশাসন ভোটকেন্দ্র হলের মধ্যে রেখেছে বলে গতকাল বুধবার অভিযোগ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। তবে এই নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে ছাত্রলীগ নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ। এদিকে রেজিস্ট্রার ভবন সংলগ্ন মল চত্বর এলাকায় বিকেলে ছাত্রদল নেতা বুরহান উদ্দিনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। তার দাবি, ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে এ হামলা হয়েছে।

ছাত্রফ্রন্টের সংবাদ সম্মেলন : ভোটকেন্দ্র আবাসিক হলগুলোর পরিবর্তে কাছের একাডেমিক ভবনগুলোতে স্থাপনের দাবিতে গতকাল মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী। তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করলাম, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভোটকেন্দ্র হলে করার সিদ্ধান্তের মধ্য দিয়ে ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়েছে।’ এ সময় ভয়মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন এবং প্রথম বর্ষ থেকে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে হলে বৈধ আসনের ব্যবস্থার দাবিতে আগামী রবিবার উপাচার্যের কাছে স্মারকলিপি ও তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে ভোটকেন্দ্র হলের বাইরে রাখার দাবিতে বিকেলে মশাল মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট।

ভোটকেন্দ্র নিয়ে বিভ্রান্তির অভিযোগ : ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মহল ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। পোলিং বুথ হলের অভ্যন্তরে হওয়া ঢাবির প্রায় শতবর্ষী ঐতিহ্য ও প্রথা।’

ছাত্রদল নেতার ওপর হামলা : ডাকসু নির্বাচনের আচরণবিধি নিয়ে সিন্ডিকেটের সভায় পরিবেশ সৃষ্টিসহ কয়েকটি সিদ্ধান্ত হওয়ার পরদিনই ঢাবি ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে তার ওপর হামলা চালানোর অভিযোগ করেছেন জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বুরহান উদ্দিন। গতকাল বিকেলে মল চত্বরে এ ঘটনায় আহত আরবি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে বুরহান দেশ রূপান্তরকে বলেন, ‘আমি একাডেমিক কাজে রেজিস্ট্রার বিল্ডিংয়ে আসছিলাম। সেখান থেকে বের হলে ছাত্রলীগের ঢাবি সভাপতির নেতৃত্বে ১০-১৫ জন আমার ওপর রড, স্টাম্প, লাঠি নিয়ে হামলা করে। তারা আমার একটি মোবাইল কেড়ে নেন।’ ডাকসু নির্বাচন নিয়ে গত মঙ্গলবার বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়ায় এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আমরা তাকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে হাসপাতালে পাঠিয়েছি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেব।’ ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘মাত্রই শুনলাম। প্রক্টরকে বলছি, এই বিষয়ে কী করা যায়। তিনি দেখবেন।’