প্রয়াগরাজে চলমান কুম্ভমেলায় সাধু-সন্তদের হাতে থেকে গাঁজার কল্কি কেড়ে নিলেন ভারতীয় ধর্মগুরু বাবা রামদেব। এ বিষয়ে তার বক্তব্য হলো, “রাম, কৃষ্ণ যখন ধুমপান করতেন না, তখন আপনারা তাদের ভক্ত হয়ে কেন গাঁজা খাবেন।”
কুম্ভমেলাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। ৫৫ দিনের এ আয়োজন শেষ হচ্ছে ৪ মার্চ। সারা বিশ্ব থেকে প্রায় ১৩ কোটি মানুষের সমাগম হবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।
এখানে সারা বিশ্ব থেকে এসেছেন সাধু-সন্তরাও। তাই গাঁজা সেবনকে স্বাভাবিকই ধরা হয়। সেই রীতির বিরুদ্ধেই দাঁড়ালেন রামদেব। বুধবার বিভিন্ন আখড়ায় গিয়ে গাঁজার কল্কি কেড়ে নেন। পরে চেয়েও ফেরত পাননি কেউ। সাধুদের দিয়ে রীতমতো শপথ করিয়েও নেন তিনি।
রামদেব বলেন, “আমরা রাম, কৃষ্ণের জীবনদর্শন অনুসরণ করি। কিন্তু তারা কখনো গাঁজা সেবন করেননি। তাহলে আমরা কেন সেই নেশা করব? আমাদের শপথ নেওয়া উচিত, আর কখনো কোনো নেশা করব না।”
তিনি মনে করিয়ে দেন, “আমরা সাধুরা বাড়ি ছেড়েছি। বৃহত্তর স্বার্থে মা-বাবাকে ছেড়েছি। তাহলে কেন আমরা নেশা ছাড়তে পারব না?’’
সামাজিক নানা বিষয়ে বরাবরই সরব তিনি। অনেক তরুণের আদর্শ রামদেব। এবার তিনি সাধুদেরও উপদেশ দেওয়া শুরু করেছেন। এ বিষয়ে বক্তব্য, ‘‘যুব সমাজকে ধূমপান ছাড়তে আবেদন করেছি। তার থেকে এই মহাত্মারাই বা কেন বাদ যাবেন।’’
রামদেব পরে জানান, তিনি একটি সংরক্ষণশালা তৈরি করছেন। সেখানেই শোভা পাবে গাঁজার কল্কিগুলো।