জন্ম না দিয়েও সন্তানের মা হলেন বলিউডের প্রযোজক একতা কাপুর। ২৭ জানুয়ারি গর্ভ ভাড়া করে এক পুত্র সন্তানের মা হয়েছেন জিতেন্দ্র-কন্যা একতা।
জি নিউজ জানায়, গত বছরের মাঝামাঝিতে বিয়ে না করে মা হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন ৪৩ বছরের একতা। তার ভাই তুষার কাপুরও বাবা হয়েছেন গর্ভ ভাড়া করে। মূলত তাকে অনুসরণ করেই এমন সিদ্ধান্ত নিলেন ডেইলি সোপ কুইন নামে খ্যাত এ প্রযোজক।
এর আগে এক সাক্ষাৎকারে একতা বলেছিলেন, ‘এত ব্যস্ততার মধ্যে বিয়ে নিয়ে ভাবার সময় নেই। আর আমার বিয়ে করা বন্ধুরা সকলেরই বিচ্ছেদ হয়ে গেছে। ইদানীং এত বিচ্ছেদের ঘটনা দেখতে দেখতে মনে হয়, আমার ধৈর্য অনেক বেড়ে গিয়েছে। মনে হয়, আমি অন্তত অপেক্ষা করতে শিখে গেছি।’
তিনি বলেন, ‘একটা বিষয় খুব পরিষ্কার, বিয়ে কবে করবো জানি না, তবে আমি সন্তানের মা হতে চাই।’
তবে ২০১৭ সালে ভাই তুষার বাবা হওয়ার পর একতার মধ্যে মা হওয়ার বাসনা জন্ম নেয়। একতা জানান, সন্তান চান তিনি। তবে কারও সঙ্গে সম্পর্ক ছাড়াই মা হতে চান তিনি।
প্রসঙ্গত ‘কসৌটি জিন্দেগি কি’ সহ একাধিক জনপ্রিয় মেগা সিরিয়াল নির্মাতা একতা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা ‘ভিরে ডি ওয়েডিং’। কারিনা কাপুর, সোনম কাপুরদের এই সিনেমা মুক্তির কয়েকদিনের মধ্যেই ১০০ কোটি রুপি তুলে আনতে সক্ষম হয়েছে।