জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে। সকাল থেকেই দুপুরে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত জাকসু নির্বাচন চেয়ে মানববন্ধনে দাঁড়িয়ে থেকেছেন শিক্ষার্থীরা। শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ডাক দেয় এ মানববন্ধনের।
পাশেই জাকসুর পক্ষে শিক্ষকদের কাছ থেকে স্বাক্ষর ও মন্তব্য সংগ্রহ করেছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। শতাধিক শিক্ষক জাকসুর পক্ষে স্বাক্ষর ও মন্তব্য দিয়েছেন। মানববন্ধনের সঙ্গেও সংহতি জানিয়েছেন অনেকেই।
শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার মানববন্ধনের আয়োজন সম্পর্কে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নির্বাচনই যথারীতি অনুষ্ঠিত হয়। অথচ দুই যুগেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয় না জাকসু নির্বাচন। এ জন্যই আমরা আজকে শিক্ষক সমিতির নির্বাচনের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছি যাতে বিষয়টা সম্মানিত শিক্ষকদের বিবেককে নাড়া দেয়। কারণ এই শিক্ষকরাই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করেন। আর তাদের সদিচ্ছার অভাবেই অনুষ্ঠিত হচ্ছে না জাকসু নির্বাচন।’