প্রধানমন্ত্রীর চা-চক্রে যাচ্ছে না ঐক্যফ্রন্ট: কর্মসূচি ঘোষণা

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা-চক্রে না যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সরকারবিরোধী এ জোট একাদশ সংসদ নির্বাচনকে 'ভোট ডাকাতি' উল্লেখ করে দু'দিনের কর্মসূচিও ঘোষণা করেছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে ঢাকা মেট্রোপলিটন চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেছেন, ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত কালো পতাকা প্রদর্শন করা হবে।

তিনি জানিয়েছেন, এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি প্রার্থীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানির সময় এবং স্থান পরে জানিয়ে দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেছেন, ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনের পর এই চা-চক্রের আয়োজন সেখানে আমরা যাব না।

এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টকে চা-চক্রের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন। আগামী শনিবার গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আয়োজন রয়েছে।

সেখানে অন্যান্য রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ঐক্যফ্রন্ট এ দাওয়াতে অংশ নেবে না বলেই প্রাথমিকভাবে জানান হয়।

সংবাদ সম্মেলনে গণফোরামের দুই নির্বাচিত প্রার্থীর শপথ নেয়া প্রসঙ্গে এ জোটের শীর্ষরেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি। আমাদের কেউ শপথ নেবে না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের হয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর। সিলেট-২ আসনে নির্বাচিত মোকাব্বির খান। তারা একাদশ সংসদে যোগ দিতে শপথ নেবেন বলে এর আগে গণমাধ্যমকে জানিয়েছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যর আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের শরিক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, গণফোরামের নেতা সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।