দর্শকদের সামনে হাজির হতে বাধা নেই তাহসান-শ্রাবন্তীর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান প্রথমবারের মতো অভিনয় করেছেন চলচ্চিত্রে। আর এই ছবিতে নায়িকা হিসেবে পেয়েছেন  ওপার বাংলার শ্রাবন্তী চ্যাটার্জিকে। ‘যদি একদিন’ নামের এই ছবিটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। পুরো এক বছর ধরে চলে ছবিটির শুটিং। সব কাজ শেষে সম্প্রতি সেন্সর বোর্ডে জমাও পড়ে ছবিটি। ভক্তরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন কবে রূপালি পর্দায় হাজির হবেন তাহসান-শ্রাবন্তী জুটি।

সেই অপেক্ষার অবসান ঘটল বৃহস্পতিবার সন্ধ্যায়। তাহসান-শ্রাবন্তী ভক্তদের জন্য এল সুখবর। দর্শকদের সামনে হাজির হতে আর কোনো বাধা নেই তাহসান-শ্রাবন্তীর। কারণ ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি।

সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে বেশ প্রশংসাও করেছেন বলে জানিয়েছেন পরিচালক। দেশ রূপান্তরকে রাজ বলেন, ‘আজ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটির মুক্তির তারিখ এখনো ঠিক করিনি। তবে রোববারে দিন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।’

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে তাহসান, শ্রাবন্তী ছাড়াও অন্যতম চরিত্রে আছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিন রহমান ও শিশুশিল্পী রাইসা। আরও অভিনয় করছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে।