গ্রেপ্তার পোশাক শ্রমিকদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানান সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন।
আমিরুল বলেন, ‘নিজেদের স্বার্থরক্ষায় চার হাজার শ্রমিককে আসামি করে ৩০টিরও বেশি মামলা করেছেন গার্মেন্টস মালিকরা। প্রায় সাত হাজার শ্রমিককে চাকরিচ্যুত করেছেন। গ্রেপ্তার ও হয়রানি এখনো চলছে।’ তিনি আরও বলেন, ‘শ্রমিকদের দমনে প্রশাসনের কিছু লোককে ব্যবহার করে (মালিকপক্ষ) ব্যবসায়িক স্বার্থরক্ষার চেষ্টা করে যাচ্ছে। কারণে-অকারণে চাকরি হারাচ্ছেন শ্রমিকরা। শ্রমিকের স্বার্থত্যাগ করে কোনো ব্যবসায়ী সফল হতে পারবেন না।’ দ্রুত পরিস্থিতির পরিবর্তন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
শ্রমিক নেত্রী আরিফা আক্তার বলেন, ‘আশুলিয়ার ম্যাগপাই সোয়েটার প্লাস লিমিটেড ও জিকে ক্যাপস লিমিটেডের চাকরিচ্যুতদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে। শ্রমিকরা ন্যায্য বেতনে কাজ করতে চায়। গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দেওয়া না হলে পরিণতি ভালো হবে না।’
আন্দোলনের পর চাকরিচ্যুত জিল্লুর রহমান বলেন, ‘পরিবারে আমিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চাকরি হারিয়ে এখন পথে পথে ঘুরছি। গত ১০ বছর ধরে চাকরি করছি, কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে।’