প্রশ্নফাঁস বা গুজব ছড়ালে রেহাই নেই: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁস বা তার গুজব ছড়ানোর সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, নকল ও প্রশ্নফাঁস মুক্ত পরিবেশে পরীক্ষা শেষ করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। আগের চাইতে এবার আমরা আরও কঠোর অবস্থানে রয়েছি।

শনিবার রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, প্রশ্নফাঁস বা তার গুজব ছড়ালে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়বে। কাউকে ছাড় দেওয়া হবে না। এমন ন্যাক্কারজনক কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে রেহাই পাবে না।

তিনি বলেন, প্রথম দিনে পরীক্ষার সার্বিক পরিবেশ ভালো। এখন পর্যন্ত প্রশ্নফাঁসের কোনো খবর পাওয়া যায়নি। গত বছরের মতো এবারও যেন প্রশ্ন ফাঁস না হয় সেজন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে অভিভাবক ও শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল ও শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।