মাদারীপুরে একটি কেন্দ্রে পুরোনো সিলেবাসে এসএসসি পরীক্ষা

মাদারীপুরের একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র পুরোনো সিলেবাসে অনুষ্ঠিত হওয়ায় উদ্বেগে রয়েছে পরীক্ষার্থীরা।

শনিবার কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ এ ঘটনা ঘটে। 

২০১৮ সালের প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার ঘটনায় বিকেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  ২০১৯ সালের এবারের এসএসসি পরীক্ষায় ওই পরীক্ষা কেন্দ্রে মোট ৬০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন সময়ে এই সমস্যার প্রতিবাদ করলেও পরীক্ষা কেন্দ্র থেকে কোন প্রকার সমাধান করা হয়নি। পরে পরীক্ষা শেষে সকল শিক্ষার্থীরা একত্রে হয়ে কালকিনি-খাসেরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

প্রায় দুই ঘণ্টা পরে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের আশ্বাসে সড়কের অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, পরীক্ষা কমিটি ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে সমাধানের জন্য ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। আশা করছি সমস্যা সমাধান হবে।