পাল্লা বাড়িয়ে ক্রুজ মিসাইলের ‘সফল পরীক্ষা’ ইরানের

ইরান ১,৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন ক্রুজ মিসাইলের ‘সফল পরীক্ষা’ চালানোর দাবি জানিয়েছে।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের ৪০ বছর পূর্তিতে এই পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

ওই প্রতিবেদনে প্রতিরক্ষামন্ত্রী আমির হাতমিকে বলতে দেখা যায়, “১২০০ কিলোমিটার পাল্লার হোভেইজেহ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছে। এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।”

নিজেকে রক্ষায় এটি ইসলামিক রিপাবলিক অব ইরানের ‘লং আর্ম’ মন্তব্য করে তিনি বলেন, “এটি দ্রুততম কম সময়ের মধ্যে প্রস্তুত করা যায় এবং খুবই নিচ দিয়ে উড়ে যেতে পারে।”

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তারিখ উল্লেখ না করা একটি ভিডিওতে দেখা যায়, একটি ভ্রাম্যমাণ লাঞ্চার থেকে হোভেইজেহ মিসাইল উৎক্ষেপণ করা হচ্ছে।

মন্ত্রীর বরাত দিয়ে আলজাজিরা জানায়, সোমার গোত্রের ক্রুজ মিসাইল এটি। গত ২০১৫ সালে ৭০০ কিলোমিটার পাল্লার প্রথম ক্রুজ মিসাইলটির পরীক্ষা চালানো হয়েছিল।

যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিস্তৃত করছে ইরান। দেশটির দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে ইসরায়েল।