থালাবাসন ধুতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর নদীতে গৃহবধূর লাশ

বাগেরহাটের চিতলমারীর চিত্রা নদীতে পড়ে নিখোঁজের দুই দিন পর আইরীনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার দুপুরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে চিত্রা নদীতে ভাসমান অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

আইরীনা বেগম জেলার চিতলমারী উপজেলার চিত্র নদী সংলগ্ন খিলিগাঁতি গ্রামের কামাল হোসেনের স্ত্রী। কামাল হোসেন পেশায় কৃষক।

পরিবারের বরাত দিয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) সরদার মাসুদ বলেন, গত ১ ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে বাড়ির পাশের চিত্রা নদীতে থালা-বাসন ধুতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে পুলিশের ট্রিপল নাইন থেকে বাগেরহাট ফায়ার সার্ভিসে ওই গৃহবধূ নিখোঁজের সংবাদ আসে।

সরদার মাসুদ বলেন, রোববার সকাল আটটার দিকে আমরা খুলনা ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি ডুবুরি দল নিয়ে সেখানে গিয়ে তল্লাশি শুরু করি। পৌনে পাঁচ ঘণ্টা পর চিত্রা নদীতে ভাসমান অবস্থায় আইরীনা বেগমের লাশ উদ্ধার করি। তিনি সাঁতার জানতেন কিনা তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল চন্দ্র সরকার বলেন, চিত্রা নদীতে পড়ে নিখোঁজ হওয়া আইরীনা বেগমের স্বামীর পরিবারের পক্ষ থেকে শনিবার পুলিশকে জানানো হয়েছিল। আইরীনা তিনি সম্ভবত পা পিছলে পড়ে নদীতে ভেসে যায়।