চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নবনিযুক্ত ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
রোববার দুপুরে ভূমি অধিগ্রহণ শাখায় ভূমিমন্ত্রীকে পেয়ে সেবাপ্রার্থীদের অনেকে বিভিন্ন অভিযোগ ও হয়রানির চিত্র তুলে ধরেন।
এ সময় ভূমি অধিগ্রহণ শাখায় সেবা নিতে আসা শিহাব নামে এক ব্যক্তি ভূমিমন্ত্রীকে মৌখিকভাবে অভিযোগ দেন- ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার পরমেশ্বর চাকমার বিরুদ্ধে। পরমেশ্বর চাকমা ফাইল আটকে রাখাসহ নানাভাবে তাকে হয়রানি করছেন বলে মন্ত্রীর কাছে অভিযোগ জানান।
অভিযোগ শুনেই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ অভিযুক্ত সার্ভেয়ার পরমেশ্বর চাকমাকে ডেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফাইল আটকে রেখে মানুষকে ক্ষমতা দেখাও। ফাইল আটকে রাখার প্রবণতা কেন? তোমরা অনেক বড় অফিসার হয়ে গেছ? হোয়াট ননসেন্স ইজ দিস। আমি এসব সহ্য করব না।’
‘নিচের পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি আমার কাছে, ডিসি কিংবা এডিসির কাছে কোনো অভিযোগ আসলে দেখি ফাইল আরও টুইস্ট হয়। গতিহীন হয়ে যায়। এর কারণ কি? ’ অভিযুক্ত সার্ভেয়ারের কাছে জানতে চান ভূমিমন্ত্রী।
তিনি সতর্ক করে বলেন, ‘সরকার বেতন দিচ্ছে। তারপরও হারামের পয়সা খাচ্ছেন? একজন মানুষের কত টাকা দরকার?’
এ সময় অভিযুক্ত সার্ভেয়ার মাথা নিচু করে চুপ ছিলেন।