৮৭ উপজেলায় প্রথম ধাপের ভোট ১০ মার্চ

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে ১০ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৮৭ উপজেলায় এ ভোট অনুষ্ঠিত হবে। 

রোববার বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সামনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় ১১ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি।

তিনি বলেন, পাঁচটি ধাপে উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে  চার বিভাগের ১২ জেলার ৮৭ উপজেলায় ১০ মার্চ ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ হবে। আর পঞ্চম ধাপে ভোটের সম্ভাব্য তারিখ রমজানের পর ১৮ জুন।

ইসি সচিব জানান, প্রথম ধাপে রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী এবং লালমনিরহাট জেলার সব, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সব এবং নেত্রকোনার আটপাড়া বাদে সব উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এ ছাড়া সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সব, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় ভোট হবে। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ বাদে বাকি সব উপজেলায় নির্বাচন হবে। জয়পুরহাট জেলার সব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরের নলডাঙ্গা বাদে সব এবং রাজশাহী জেলার সব উপজেলায় ১০ মার্চ নির্বাচন হবে।

ভোটে প্রার্থী হতে স্থানীয় সরকারের লাভজনক সব পদ থেকে পদত্যাগ করতে হবে বলেও জানান ইসি সচিব হেলালুদ্দিন আহমদ।