সেলিব্রেটি ব্যাডমিন্টন লীগের ফাইনাল খেলা চলছে এফডিসিতে। আজ (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসির ক্যানটিন লাগোয়া মাঠে মুখোমুখি হন শওকত আলী ইমন-রাজীব বনাম আসিফ আকবর-আতিক বাবু-লিজা। সন্ধ্যা ৭টায় শুরু হয় খেলা। দু’দলের দুজন করে এই ডাবলসে অংশ নেন।
আয়োজক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক লিমন আহমেদ বলেন, ‘তারকাদের জন্য এই আয়োজন। শুরু থেকেই আমরা তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেয়ে যাচ্ছি। তাদের আন্তরিকতার কারণে সফলভাবে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট শেষ হতে যাচ্ছে।’
আয়োজক নূর ক্রিয়েশনস জানায়, মোট ১১টি ম্যাচ নিয়ে সাজানো হয় এই টুর্নামেন্ট। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নদের একটা ট্রফি ও ৪২ ইঞ্চি মিনিস্টার টেলিভিশন, রানার্স আপদের জন্য একটা ট্রফি ও দুটি মোবাইল সেট থাকছে।
উল্লেখ্য ২৭ জানুয়ারি লিগের উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজেও এদিন র্যাকেট হাতে নেমে পড়েছিলেন মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, লিগের টাইটেল স্পনসর আরএফএল প্লাস্টিকের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমানসহ অনেকে।
এ আয়োজনে ১২টি দল অংশ নিয়েছে। তাদের মধ্যে আছেন আসিফ, তারকা লিজা, তানভীর তারেক, ইমন, বাপ্পী চৌধুরী, আব্দুল আজিজ, সালমান মুক্তাদির, শওকত আলী ইমন, রাজিব, নিরব, ডন, কাজী শুভ, প্রত্যয় খান, জয় চৌধুরী, সানজু জন, আশিক, আহমেদ হুমায়ূন, শাহীন কবির টুটুল, অপূর্ব রানা, মনজুর কাদের জিয়া, ইমরুল নূর, পান্থ আফজাল ও রুদ্র রুদ্রাক্ষ।